ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে সরকারের বিভিন্ন বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আগামী জানুয়ারির মধ্যে এসব আলোচনায় অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চলমান কর্মসূচি শুধু ঋণ পাওয়ার বিষয় নয়, এটি একটি সমন্বিত কার্যক্রম। রাজধানী আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা ও কার্যক্রম চলছে। 


সরকারের ওয়ার্কিং গ্রুপ সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। আগামী জানুয়ারির মধ্যে এ আলোচনায় অগ্রগতি দেখা যাবে বলে আশা করছেন তারা। তিনি বলেন, এখানে ঋণ পাওয়াটাই মূল বিষয় নয়। এটি একটি সমন্বিত কর্মসূচি। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামী উন্নয়ন ব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এদিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আগামী জানুয়ারির মধ্যে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশা করছেন।অর্থনীতির বিভিন্ন সূচকের ধীরে ধীরে উন্নতি হবে। তবে এর সুফল দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে। অর্থমন্ত্রী বলেন, সরকার মাত্র প্রথম প্রান্তিক শেষ করেছে। পরবর্তী প্রান্তিকগুলোতে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ধীরে ধীরে গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, করদাতাদের অর্থের অপচয় হচ্ছে কি না, তা নিশ্চিত করতে সরকারি ব্যয়ের প্রতিটি খাত সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হয়। প্রতিটি প্রকল্পের মাধ্যমে বাড়তি মূল্য সংযোজন, বিনিয়োগের বিপরীতে মুনাফা এবং কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। 


অর্থমন্ত্রী বলেন, সরকার প্রকল্পের যথাযথ বাস্তবায়নকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে সরকারি ব্যয় যেন জাতীয় আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, তা নিশ্চিত করা হচ্ছে। এটিই সঠিক পদ্ধতি বলে মনে করে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনায় রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণের দায়িত্ব পৃথক করার মতো কাঠামোগত সংস্কারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এ সংস্কারের লক্ষ্য রাজস্ব প্রশাসনের দক্ষতা ও জবাবদিহি বাড়ানো। এছাড়া বিভিন্ন বন্ডের মাধ্যমে অর্থায়নের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। রাজস্ব আদায়ের গতি বাড়াতে এবং সরকারের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে এসব পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


ads
ads
ads

Our Facebook Page

↑